সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এস রহমান ছিলেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য এবং মা পাঞ্জেবুনেছা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। লাহোরে অধ্যয়নকালে পূর্ব পাকিস্তানের ছাত্রদের সংগঠিত করে ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

১৯৭০ সালের নির্বাচনে মিরসরাই আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে আসনটি ছেলে মাহবুব রহমান রুহেলের জন্য ছেড়ে দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর একই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। পরে ধাপে ধাপে সব মামলায় জামিন পান তিনি। ২০২৫ সালের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারামুক্তি লাভ করেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু জানিয়েছেন, তার বাবার জানাজা চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে না। ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হবে, তবে সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।