
সাতক্ষীরার তালা উপজেলায় নির্মাণাধীন উপজেলা প্রেসক্লাবের নতুন গাঁথুনীতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ২টার দিকে তালা বাজার সংলগ্ন নদীর ধারে কফি হাউজের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রেসক্লাবের নির্মাণাধীন অংশের নতুন গাঁথুনী ভেঙে ক্ষতিসাধন করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য প্রচার বিষয়ক সম্পাদক জোহর হোসেন সাগরসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা সাতক্ষীরা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে প্রেসক্লাবের নির্মাণকাজ চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :