
চার বছর ধরে মেজর কোনো শিরোপার দেখা নেই সৌদি ক্লাব আল-নাসরের। ক্লাবটিতে যোগ দেওয়ার পর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এখনো সেই ট্রফিখরা কাটাতে পারেননি। তবে এবার সৌদি প্রো লিগের শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় আগেভাগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারিয়েছে আল-নাসর।
মঙ্গলবার রাতে আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর দল। নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আল-নাসর। কিন্তু ইনজুরি সময়ের ৯৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দলের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। তাতেই শিরোপা নিশ্চিত করার প্রথম সুযোগ হাতছাড়া হয় দলটির।
ম্যাচের শেষদিকে একটি গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসা কুড়িয়েছিলেন বেন্তো। তবে অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন হতাশার কারণ। আল-হিলালের লম্বা থ্রো থেকে আসা বল সহজেই নিয়ন্ত্রণে নিতে পারতেন তিনি। কিন্তু বল ধরতে গিয়ে সেটি হাত ফসকে নিজেদের জালেই জড়িয়ে যায়। এ সময় পাশে থাকা এক ডিফেন্ডারের ধাক্কায় কিছুটা ভারসাম্যও হারান এই গোলরক্ষক।
এর আগে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে ডাগআউটে বসে দলের শেষ মুহূর্তের গোল হজমের হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে।
এই ড্রয়ের পর ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল-নাসর। এক ম্যাচ কম খেলা আল-হিলালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। বাকি থাকা দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৮৪। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে আল-নাসর।
আগামী ২১ মে মৌসুমের শেষ ম্যাচে দামাক এফসির মুখোমুখি হবে আল-নাসর। সেই ম্যাচে জয় পেলেই বহু প্রতীক্ষিত লিগ শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের। তবে তার আগেই শনিবার আল-হিলাল যদি নিওম এসসির কাছে হেরে যায়, তাহলে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আল-নাসর।
আল-নাসরের জার্সিতে প্রথম বড় শিরোপা জয়ের অপেক্ষায় এখন দিন গুনছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো।
আপনার মতামত লিখুন :