শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষ করেই দীর্ঘ অবকাশে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে ২৪ মে রোববার থেকে। এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ওই দিন ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটির আমেজ শুরু হবে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ৭ জুন রোববার থেকে। সব মিলিয়ে এ স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবে।

অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির সময় আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।

এদিকে জুন মাসের পর জুলাইয়েও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের বিশ্রাম ও অবকাশের সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে এ ধরনের দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।