লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: স্ত্রী আটক


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য  প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: স্ত্রী আটক
লালমনিরহাট জেলা শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন তার স্ত্রী।  বুধবার (১৩ মে) সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
​আহত যুবকের নাম হৃদয়। তিনি জেলা শহরের গাউছিয়া মসজিদের ইমাম মাওলানা এরশাদ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয়। এসময় তার স্ত্রী কোনো একটি ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার গলায় আঘাত করেন। হৃদয়ের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করার পরপরই হৃদয়কে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসনালীতে গভীর ক্ষত হওয়ার কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত স্ত্রীকে একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এই নৃশংস ঘটনার পর থেকে বাবুপাড়া এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশী ও স্বজনরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমনিরহাট সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। এটি নিছক পারিবারিক কলহ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।