লালপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলা: মূল অভিযুক্ত সোহাগ আদালতে প্রেরণ


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
লালপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলা: মূল অভিযুক্ত সোহাগ আদালতে প্রেরণ

নাটোরের লালপুর উপজেলায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় আটক মূল অভিযুক্ত সোহাগ মাহমুদকে আদালতে সোপর্দ করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি গোয়েন্দা দল সিভিল পোশাকে মাদকবিষয়ক তথ্য সংগ্রহে সেখানে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল র‌্যাব সদস্যদের গতিরোধ করে পরিচয় জানতে চায়। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে মোটরসাইকেলে এলাকা ত্যাগের চেষ্টা করলে হামলাকারীরা মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র‌্যাব সদস্য শাহীন হোসেন আহত হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর সোহাগ মাহমুদ (৩০), পিতা- ফজলুর রহমান, গ্রাম- নবীনগর, থানা- লালপুর, জেলা- নাটোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের দায়ের করা এজাহারের ভিত্তিতে লালপুর থানায় মামলা নং-১৯, তারিখ ১৩/০৫/২০২৬ ইং, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৩২/ ৩৫৩/১৮৬/ ৫০৬/১১৪/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের পর আটক সোহাগকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে বলেও তিনি জানান।