লামায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


বান্দরবান জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
লামায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে তথ্য অফিস লামা একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন দর্শনের প্রতিফলন। এই ইশতেহারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং নারীদের নিরাপদ পরিবহন সুবিধার মতো উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে যেমন এগোচ্ছে, তেমনি লামাতেও ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। উদাহরণস্বরূপ, ফাঁসিয়াখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১২টি গ্রামে ১০৯৭ নারী ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এছাড়া, বিভিন্ন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান আছে, যা যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের পথে রয়েছে—যা সরকারের “প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় রূপান্তর”-এর দৃশ্যমান প্রমাণ।

উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারের সাফল্য তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে ৬৮টি তথ্য অফিসে ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১,০২১টি উন্মুক্ত বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১,০৬০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন, ৩,২৪৮টি সড়ক/বার্তা প্রচার, ২,৩১৬টি অনলাইন তথ্যবহুল প্রচার, ১৪টি কৃষক সমাবেশ এবং ২২টি ফ্যামিলি সমাবেশ।

এই ব্রিফিংয়ে সরকার নিশ্চিত করেছে যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তা স্পষ্ট ফল দিচ্ছে।