নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১২ মে) দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।
পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন।
রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বলেও জানিয়েছে বঙ্গভবন সূত্র। এর আগে ২০২৩ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলোআপ চিকিৎসা নিয়ে আসছেন।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে পরিচিত।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :