
রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে রাতের মধ্যে শক্তিশালী ঝড় ও বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৩ মে) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়। এতে বলা হয়, ১৩ মে দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সময়ে দেশের অন্যত্রও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদেরকে ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে।
আপনার মতামত লিখুন :