আন্তর্জাতিক বাজারে আবারও নিম্নমুখী হয়েছে সোনার দাম। যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার দ্রুত কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সোনায় আগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠক নিয়েও বাজারে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৬ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৯৪ দশমিক ৫৯ ডলারে। তবে একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭০২ দশমিক ৪০ ডলারে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় ধরে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনভো বলেন, নীতিগতভাবে শিথিলতার প্রবণতা থাকলেও স্বল্পমেয়াদে সোনার বাজার সীমিত পরিসরে ওঠানামা করবে। তার মতে, ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হলে তা সোনার জন্য সহায়ক হতে পারে।
বিশ্লেষকরা আরও বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও উচ্চ সুদের হার সাধারণত সোনার মতো সুদবিহীন সম্পদের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত হলেও কম রিটার্নের কারণে স্বর্ণে আগ্রহ কমাচ্ছেন।
এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই সোনার দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যাচ্ছে। সেই সময় থেকে এখন পর্যন্ত সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে বলে জানা গেছে। উচ্চ তেলের দাম এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও এ পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৮৬ দশমিক ৬১ ডলারে নেমেছে। প্লাটিনামের দামও ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৪৮৯ দশমিক ১৮ ডলার।
অন্যদিকে দেশের বাজারেও সোনার দাম উঁচু অবস্থায় রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বর্তমানে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও সুদের হার নীতির পরিবর্তনের ওপর নির্ভর করেই আগামী দিনে সোনার বাজারের গতি নির্ধারিত হবে।
আপনার মতামত লিখুন :