বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লক্ষ টাকার ঋণ মৌকুফ করবে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লক্ষ টাকার ঋণ মৌকুফ করবে সরকার

বাগেরহাট জেলায় ৬ হাজার ৬৪৬ জন কৃষকের প্রায় ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকা কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে কৃষকদের সুবিধার্থে ২৫টি খালে ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খনন এবং ৩৮ হাজার ৩০০টি গাছ রোপণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, বাগেরহাট।

প্রেসব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের আওতাধীন বিভিন্ন কর্মসূচি—ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য সহায়ক উদ্যোগ, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পালসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় এসব প্রকল্প সহায়ক হবে।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, সরকারের “সবার আগে বাংলাদেশ” দর্শনের আলোকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এসব কার্যক্রম যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়িত হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। সরকারের এসব উদ্যোগকে স্থানীয় পর্যায়ে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।