
বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম। বুধবার (১৩ মে) সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন। এসময় ধান বিক্রি করতে আসা কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি বা ১ হাজার ৪৪০ টাকা মণ দরে মোট ৭ হাজার ৫১৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উপজেলার ভিত্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে— বাগেরহাট সদরে ১ হাজার ২১২ মেট্রিক টন, মোরেলগঞ্জে ৯৭০ মেট্রিক টন, রামপালে ৫৩২ মেট্রিক টন, ফকিরহাটে ৯৪৫ মেট্রিক টন, মোল্লাহাটে ৯০৮ মেট্রিক টন, কচুয়ায় ৮৫৩ মেট্রিক টন এবং চিতলমারীতে ১ হাজার ৩৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ।
তবে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির ক্ষেত্রে ধানের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ১৪ শতাংশের মধ্যে রাখতে হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “এবার শতভাগ ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। প্রান্তিক কৃষকরা যাতে সহজে ও ভোগান্তিহীনভাবে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
আপনার মতামত লিখুন :