বাঁশখালীতে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, মাটি ভর্তি ড্যাম্পার জব্দ


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম  প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বাঁশখালীতে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, মাটি ভর্তি ড্যাম্পার জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং বড়পুকুর পাড়া এলাকায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

১২মে ২০২৬) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং বড়পুকুর পাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে গভীর রাতে পাহাড় কেটে মাটি বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় দেলা মার্কেটের পূর্ব পাশের বড়পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার জব্দ করা হয়।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি লক করে পালিয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় গাড়ির লক খুলে সেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানার অফিসার ইনচার্জের জিম্মায় রয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে এসিল্যান্ড মো. ওমর সানী আকনের দ্রুত ও সাহসী পদক্ষেপ প্রশংসার দাবিদার। ধারাবাহিক অভিযান চালানো হলে অবৈধ পাহাড় কাটা অনেকাংশে বন্ধ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় কাটা ও মাটি পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।