বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত


বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি, তরিকুল ইসলাম প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটায় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সামনে রেখে “ওপেন হাউজ ডে” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় চক্রাখালী স্কুল মাঠে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) খাইরুল আনাম।

এছাড়া অনুষ্ঠানে বটিয়াঘাটা থানার তদন্ত কর্মকর্তা শাহীনুর রহমান, সাব-ইন্সপেক্টর রবিশঙ্করসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিএনপি নেতা আছাবুর রহমান এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনসুজ্জামান বলেন, “পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই ওপেন হাউজ ডে’র মূল উদ্দেশ্য।”

সভাপতির বক্তব্যে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা মাদক, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা অভিযোগগুলো গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।