
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড গঠনে কঠিন বাস্তবতার কথা জানিয়ে দিলেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আবেগ নয়, বরং ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সই হবে চূড়ান্ত সিদ্ধান্তের প্রধান ভিত্তি—এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরই মধ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা জমা দেওয়া হয়েছে, যেখানে নেইমারের নাম রয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।
তবে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমার সবসময়ই তার প্রতিভা দিয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু তার কিছু শারীরিক সমস্যা আছে, যেগুলো কাটিয়ে ওঠার জন্য সে কঠোর পরিশ্রম করছে।”
বর্তমানে সান্তোসে খেলা নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্সের উন্নতির কথাও উল্লেখ করেন তিনি। আনচেলত্তি বলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে নেইমারের ফিটনেস আগের চেয়ে ভালো এবং সে এখন উচ্চমাত্রার তীব্রতা ধরে রাখতে পারছে।
নেইমারকে ঘিরে থাকা আবেগ ও জনপ্রিয়তার বিষয়টিও বিবেচনায় রাখছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, “নেইমার শুধু সমর্থকদের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও অত্যন্ত প্রিয়। তাকে দলে নেওয়া হলে পরিবেশ কেমন হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।” তবে সিদ্ধান্ত গ্রহণে বাইরের কোনো চাপ কাজ করবে না বলেও পরিষ্কার করেন আনচেলত্তি। তার ভাষায়, “খেলোয়াড়রা মতামত দিতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু শেষ সিদ্ধান্ত আমার। আমি পুরোপুরি পেশাদারভাবে স্কোয়াড নির্বাচন করব।”
ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে দীর্ঘ সফল ক্যারিয়ারের পর ব্রাজিল জাতীয় দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আনচেলত্তির জন্য নতুন এক চ্যালেঞ্জ। তিনি স্বীকার করেন, নিখুঁত স্কোয়াড তৈরি করা সম্ভব নয়, তবে কম ভুলের একটি শক্তিশালী দল গড়াই তার লক্ষ্য। আনচেলত্তির ভাষায়, “আমি কি নিখুঁত স্কোয়াড গড়তে পারব? সম্ভব নয়। তবে আমি এমন একটি দল গড়তে চাই, যেখানে অন্যদের চেয়ে ভুল কম থাকবে।”
আপনার মতামত লিখুন :