
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে সবুজ ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার আন্দুলপোতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার মাছুম্মেল হকের ছেলে সবুজ ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে কোনো সরকারি অনুমোদন ছাড়াই একটি মাছের ঘের থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিলেন। এতে স্থানীয় কৃষিজমি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ ওঠে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় ড্রেজিং কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে জলাশয় ও আবাদি জমির ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা বলেন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
আপনার মতামত লিখুন :