ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

চিকিৎসকের কড়া নির্দেশ ছিল—কোনো অবস্থাতেই অক্সিজেন মাস্ক খোলা যাবে না। তবে সেই নির্দেশ অমান্য করে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে মাস্ক খুলে নেওয়ার পর ৭ মাস বয়সী এক শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাসপাতালের সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহকারী এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। তিনি হাসপাতালে দালাল চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিহত শিশুর স্বজনরা জানান, কিডনি জটিলতায় আক্রান্ত মিনহাজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়। ঢামেকে শয্যা খালি করে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দেন এনায়েত করিম। পরে কাঁটাবন এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা খরচে চিকিৎসার পরামর্শও দেন তিনি।

পরিবারের অভিযোগ, রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার কথা বলে এনায়েত করিম শিশুটির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলেন। এরপর প্রায় ২০ মিনিট মাস্ক ছাড়াই হাসপাতালের ভেতরে তাকে ঘোরানো হয়। পরে ২ নম্বর ভবনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা বুঝতে পারেন, শিশুটি আর জীবিত নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত এনায়েত করিম এর আগেও বিভিন্ন অনিয়ম ও অর্থ দাবির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ দাবি করেছিলেন। বরখাস্ত থাকা সত্ত্বেও তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত ছিলেন।

ঢামেক সংশ্লিষ্টরা জানান, রোগীর চাপকে সুযোগ হিসেবে নিয়ে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা গুরুতর রোগীদের বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রলোভন দেখায়। নিয়মিত অভিযান চললেও চক্রের মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনমথ হালদার জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনায়েত করিমকে লিখিত মুচলেকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।