ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার লিংক রোডে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেপ্তার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে, যার মধ্যে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাও অন্তর্ভুক্ত। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।

এদিকে, এ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চলমান মামলাগুলোর ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।