চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, রিপন আলী  প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ)। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জয়নাল টুলু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইসরাইল হকের ছেলে।

র‍্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল তথ্য পায় যে, জয়নাল টুলুর বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রয়েছে। পরে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে তার বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতর রাখা ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আরেক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।