এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কোনো ধরনের সেশনজট যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কাভার করে সময়মতো কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। এতে কীভাবে কোনো সময় নষ্ট না করে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, “তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং ১০ বছরেই থাকে, কোনো সেশনজট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো—তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করা হবে।”

তিনি আরও বলেন, বর্তমানে পরীক্ষা ব্যবস্থা আরও সুন্দর ও স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে, কারণ সবাই চায় একটি সুশৃঙ্খল পরীক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা যা চায়, সরকারও সেটিই বাস্তবায়নের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্যে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনকে তিনি একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।