ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা সাধারণের সুবিধার্থে দেশের শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদকে সামনে রেখে কেনাকাটার চাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় দোকান ও বিপণিবিতানের খোলার সময় বাড়ানো হয়েছে। এর আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম চালু ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে শেষ মুহূর্তের কেনাকাটার চাপ সামাল দিতে ব্যবসায়ীরা দীর্ঘ সময় দোকান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এ সিদ্ধান্তে একদিকে যেমন ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও বাড়তি সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাকাটার আমেজ শুরু হয়েছে। সরকারের নতুন এ সিদ্ধান্তে ঈদের বাজার আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।