ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিয়েছেন। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন মঞ্জুর করা হয়।
তবে আদালতকে লতিফ সিদ্দিকী জানান, ভবিষ্যতেও তিনি নিজে উপস্থিত হয়ে হাজিরা দিতে চান। শুনানিকালে বিচারকের উদ্দেশে তিনি বলেন, এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। গত ছয় মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল। আজ সেই আদেশ দেওয়া হয়েছে। তিনি আদালতে আসতে ভালো লাগে বলেও মন্তব্য করেন। এ সময় বিচারক বলেন, এটি তার ইচ্ছার বিষয়। তার আবেদন মঞ্জুর করা হয়েছে। পরে হাসিমুখে আদালত ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।
এদিন মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করলেও আসামি সশরীরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের পর গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে একদল ব্যক্তি প্রবেশ করে হট্টগোল, স্লোগান ও ভাঙচুর চালায় এবং কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :