অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের সমাজের মূলধারায় নিয়ে আসার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সহায়তার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ পালন করা হচ্ছে। এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগকে তিনি স্বাগত জানান।

বাণীতে প্রধানমন্ত্রী অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবক এবং এ বিষয়ে কাজ করা সরকারি-বেসরকারি সংগঠনগুলোর প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক শিশু ও ব্যক্তি অটিজম এবং স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত। একটি বৈষম্যহীন, মানবিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধী বিষয়ক আইনগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ ও সহায়ক সমাজ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তারেক রহমান আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষ নিজের সীমাবদ্ধতা জয় করে স্বপ্ন পূরণের সুযোগ পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন খেলোয়াড়দের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও বেশি মানুষ যাতে প্যারা-অলিম্পিকে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেও সরকার কাজ করছে।

সবশেষে প্রধানমন্ত্রী ‘১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে সংশ্লিষ্ট সবার সার্বিক মঙ্গল ও কর্মসূচির সফলতা কামনা করেন।