কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে দেশব্যাপী বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এ দর ঘোষণা করেন। কোরবানি-সংক্রান্ত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ঘোষিত দর অনুযায়ী, ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সরকারি অর্থায়নে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ পৌঁছে দেওয়া হবে, যাতে কোরবানির পর দ্রুত চামড়া সংরক্ষণ করা যায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া নষ্ট হওয়া ও পাচার কমবে। একই সঙ্গে দেশের চামড়া শিল্প এবং জাতীয় অর্থনীতিও উপকৃত হবে। কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের চামড়া শিল্পে বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। তাই বাজার স্থিতিশীল রাখা এবং চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।