ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) দলটি নির্বাচন কমিশনে (ইসি) তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেওয়া এই হিসাব বিবরণীতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলটির পক্ষে হিসাব বিবরণীতে স্বাক্ষর করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জমা দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে জামায়াতে ইসলামীর মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে মোট ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এতে প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত অর্থ পেয়েছেন। দলটির ব্যয়ের তালিকায় নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন খাতে খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় দেখানো হয়েছে।
এছাড়া বিবিধ খাতে আরও ২ লাখ টাকার ব্যয়ের তথ্যও হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হিসাবের মাধ্যমে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে নিজেদের ব্যয়ের বিস্তারিত প্রকাশ করতে হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :