আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে নেই দিবালা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে নেই দিবালা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩১ দিন বাকি। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোচ লিওনেল স্কালোনির এই তালিকা থেকে পরবর্তীতে চূড়ান্ত ২৬ জনের দল নির্বাচন করা হবে।

তবে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে নেই তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা আনহেল কোরেয়া এবং ভ্যালেন্তিন কাস্তেয়ানোসও জায়গা পাননি এবারের প্রাথমিক স্কোয়াডে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে। আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প বেছে নেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

গোলরক্ষক বিভাগে ছয়জনকে রাখা হয়েছে, যেখানে আছেন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস এবং তরুণ সান্তিয়াগো বেলত্রান। বেলত্রানের অন্তর্ভুক্তি বিশেষভাবে নজর কেড়েছে। রক্ষণভাগেও এসেছে কিছু নতুন মুখ ও পরিবর্তন। ডানপ্রান্তের ডিফেন্ডার নাহুয়েল মোলিনার চোটের কারণে দলে যুক্ত হয়েছেন আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদো। পাশাপাশি আছেন লাউতারো দি লোলো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ড ও আক্রমণভাগে দেখা গেছে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণ। মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণদের পাশাপাশি ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। আক্রমণভাগে আছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

৫৫ সদস্যের এই তালিকা থেকে চূড়ান্ত দল গঠনে এখনও কয়েকটি জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষ করে তৃতীয় গোলরক্ষক ও কিছু রক্ষণভাগের জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। সবশেষে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন অধিনায়ক লিওনেল মেসি। তার নেতৃত্বে আবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।