
হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এই ঘটনায় কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান জানান, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। টিকার সংকট কেন সৃষ্টি হলো এবং টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “কাউকে বলির পাঁঠা বানানোর উদ্দেশ্যে নয়, বরং প্রকৃত কারণ উদঘাটনের জন্যই এই তদন্ত হবে।”
তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির কোনো প্রয়োজন নেই। বর্তমানে হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চলছে। পাশাপাশি যেসব শিশু এখনও টিকাদানের বাইরে রয়েছে, তাদের দ্রুত কর্মসূচির আওতায় আনতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌপরিবহনের ভাড়ায় কিছুটা সমন্বয় আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ২০৩০ মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে বছরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ সম্ভব হবে। এছাড়া তিনি জানান, আগামী ১৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভূমি সেবা মেলা’র উদ্বোধন করবেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির ট্রাকের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব বিতরণ করা হবে বলেও তিনি জানান।
বিগত সরকারের সময়ের মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না। তাই অতীতের সব অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে বিচার করা হবে। একই সঙ্গে জনগণের স্বার্থবিরোধী সব চুক্তি পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলেও ৬০ দিনের নোটিশে বাতিলের সুযোগ রয়েছে এবং প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তন করা সম্ভব। এ বিষয়ে সরকার দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :