স্বাস্থ্যসেবা নিশ্চিতে চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
স্বাস্থ্যসেবা নিশ্চিতে চরাঞ্চলে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদীতীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের জন্য একটি হাসপাতাল স্থাপনের বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগোবে।

তিনি আরও বলেন, “আমরা কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। বিভিন্ন প্রতিশ্রুতি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ উন্নয়নমূলক কাজগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।”

টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে নিতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়ন সূচকে টাঙ্গাইল সদরকে শীর্ষে নেওয়ার লক্ষ্য রয়েছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণ সমাজকে সচেতন করতে হবে, যাতে মাদকের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা যায়।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।