
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কাপড়ের রং ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার উত্তর সখিপুর এলাকায় র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৬ এর সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং আইসক্রিম তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
একই সময়ে পাশ্ববর্তী মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অপরাধের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দুইটি আইসক্রিম কারখানাই সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য উৎপাদন কিংবা বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।স্থানীয়দের মধ্যে এ অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল বলছে, শিশু-কিশোরদের জনপ্রিয় খাবার আইসক্রিমে ক্ষতিকর উপাদান ব্যবহারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
আপনার মতামত লিখুন :