সরকারিভাবে শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
সরকারিভাবে শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগের সুযোগ ঘোষণা করেছে। সোমবার (১১ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামক প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন নির্ধারণ করা হয়েছে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।

চুক্তি হবে দুই বছরের জন্য, যা পরবর্তীতে নবায়নযোগ্য। নিয়োগপ্রাপ্ত কর্মীরা থাকা, চিকিৎসা ও বিমান ভাড়াসহ নানা সুবিধা পাবেন, যা সম্পূর্ণভাবে নিয়োগকারী কোম্পানি বহন করবে। পাশাপাশি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সব প্রাপ্য সুবিধাও তারা পাবেন। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে। আবেদনকালে প্রয়োজনীয় তথ্যসহ পাসপোর্ট জমা দিতে হবে এবং নির্ধারিত ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ করা যাবে না। বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই শুধুমাত্র সরকারি নিয়ম মেনে সরাসরি আবেদন করার জন্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগকে বৈদেশিক কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা দেশের কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে।