সড়কে এআই মামলা থেকে বাঁচতে মানতে হবে যেসব নিয়ম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
সড়কে এআই মামলা থেকে বাঁচতে মানতে হবে যেসব নিয়ম

ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে শুধু ট্রাফিক পুলিশের নজরদারিই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরাও সড়ক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা করছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ইতোমধ্যে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কাওরানবাজার, বিজয় সরণি এবং এয়ারপোর্ট সড়ক এলাকা।

এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করছে এবং লাল সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ছবি ও ভিডিও সংরক্ষণ করছে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তৈরি হচ্ছে অটো মামলা, যা সরাসরি সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে পাঠানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড হবে এবং নোটিশ পাঠানো হবে ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে। এ অবস্থায় অনেক চালক না বুঝে বা অসচেতনভাবে নিয়ম ভঙ্গ করে জরিমানার মুখে পড়ছেন বলে জানা গেছে। আবার নোটিশ পাওয়ার পরও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি জটিল হয়ে উঠছে।

ট্রাফিক বিভাগ নাগরিকদের জন্য কিছু সতর্কতামূলক নির্দেশনাও দিয়েছে। এর মধ্যে রয়েছে—লাল সিগন্যাল কঠোরভাবে মানা, স্টপ লাইনের বাইরে না যাওয়া, নির্ধারিত লেনে চলাচল করা এবং উল্টো পথে গাড়ি না চালানো। পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো ও অবৈধ পার্কিং থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন সড়কে না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ট্রাফিক নোটিশ পেলে তা অবহেলা না করে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি বলছে, নতুন এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থার কারণে এখন ট্রাফিক আইন লঙ্ঘন গোপন রাখা প্রায় অসম্ভব। তাই জরিমানা বা আইনগত জটিলতা এড়াতে হলে একমাত্র পথ হলো সড়কে নিয়ম মেনে চলা ও সচেতন আচরণ নিশ্চিত করা।