শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে আর্থিক সহায়তা ও মতবিনিময় সভা


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে আর্থিক সহায়তা ও মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ১২ জন দলিত ও প্রতিবন্ধী পরিবারের সদস্যকে আয়বর্ধনমূলক কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা” শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে নাগরিক উদ্যোগ ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে দলিত ও প্রতিবন্ধী পরিবারের ১২ জন নারীকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অফেরতযোগ্য চেক প্রদান করা হয়, যা তাদের আয়বর্ধনমূলক কাজে ব্যবহৃত হবে। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো এবং নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক নাদিরা পারভীন।

এছাড়াও শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজার, পরিবর্তন সহায়ক ও সিবিও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দলিত নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।