
ভারতের তামিলনাড়ু রাজ্যে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে রাজ্যজুড়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজ্য পরিচালিত টাসম্যাকের মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টি দোকান গুরুত্বপূর্ণ স্থাপনার নিকটবর্তী এলাকায় অবস্থিত। এর মধ্যে মন্দিরের পাশে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ১৮৬টি এবং বাসস্ট্যান্ডের কাছে ২৫৫টি দোকান রয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, এসব দোকান আগামী দুই সপ্তাহ বা ১৪ দিনের মধ্যে বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপরিবহন কেন্দ্রের আশপাশে মদের দোকান থাকা সামাজিক অস্বস্তি, নৈতিক সমস্যা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
মুখ্যমন্ত্রী বিজয় ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রথম বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের অর্থনীতিতে টাসম্যাকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে শুধু মদ বিক্রি থেকেই রাজস্ব আয় দাঁড়িয়েছে ৪৮ হাজার কোটি টাকারও বেশি। এত বড় রাজস্ব উৎস থাকা সত্ত্বেও সরকার সামাজিক দিক বিবেচনায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাংশ এই সিদ্ধান্তকে সাহসী ও জনস্বার্থমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, স্কুল-কলেজ ও ধর্মীয় স্থানের আশপাশ থেকে মদের দোকান সরিয়ে নেওয়া সামাজিক পরিবেশ উন্নত করবে। তবে অন্যদিকে রাজস্ব ও কর্মসংস্থান ক্ষতির আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত তামিলনাড়ুর ভবিষ্যৎ সামাজিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এটি মুখ্যমন্ত্রী বিজয়ের প্রশাসনিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
আপনার মতামত লিখুন :