
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেবাননে চলমান সহিংস পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি অত্যন্ত উদ্বেগজনক।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। তারা জীবিকার তাগিদে লেবাননে অবস্থান করছিলেন। সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো এক হামলায় তারা প্রাণ হারান বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সরকারের এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং কূটনৈতিক তৎপরতার গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :