যেদিন থেকে শুরু হবে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
যেদিন থেকে শুরু হবে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাত্রা সহজ ও স্বচ্ছ করতে আগামীকাল ১৩ মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত। একইভাবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত।

যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত এই দুটি মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া রেলওয়ের অনুমোদিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অননুমোদিত মাধ্যমে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদযাত্রায় ভোগান্তি ও টিকিট কালোবাজারি রোধে এবার শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা ঘরে বসেই সহজে ও নিরাপদে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরই ঈদ মৌসুমে ট্রেনের টিকিটের জন্য স্টেশনে দীর্ঘ সারি, ভিড় ও ভোগান্তির সৃষ্টি হয়। একই সঙ্গে কালোবাজারির অভিযোগও ওঠে। এসব সমস্যা কমাতে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে অনলাইন টিকিট ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ অনলাইনভিত্তিক টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে ঈদযাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রীবান্ধব হবে।