যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে: ডা. জাহেদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে: ডা. জাহেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার চুক্তিটি বাতিল না করে বরং বিস্তারিতভাবে পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে আলোচনা ও পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিলের সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তনেরও সুযোগ আছে। তবে সরকারের অবস্থান হলো—প্রথমে চুক্তিটি সরকারি পর্যায়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। তিনি আরও বলেন, “আমরা মনে করি, আগে অভ্যন্তরীণভাবে চুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করা প্রয়োজন। যেসব শর্ত রাষ্ট্রের জন্য সমস্যাজনক বা ক্ষতিকর বলে মনে হবে, সেগুলো নিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়া যেতে পারে।”

তথ্য উপদেষ্টা জানান, চুক্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত মতামত, কলাম এবং বিশ্লেষণ সরকার পর্যবেক্ষণ করছে এবং সেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, কোনো চুক্তি একতরফাভাবে বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক স্বার্থে প্রভাব পড়তে পারে, যা বিবেচনায় রাখা জরুরি।

চুক্তির ধরন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি, সমঝোতা স্মারকসহ বিভিন্ন ধরনের নথি থাকে, যেগুলোর আইনগত বাধ্যবাধকতা ভিন্ন ভিন্ন। কিছু ক্ষেত্রে চুক্তি থেকে বের হওয়া সহজ হলেও কিছু ক্ষেত্রে তা জটিল হতে পারে এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কিছু চুক্তির নির্দিষ্ট অংশ গোপন রাখার শর্ত থাকতে পারে, তবে জনগণের জানার অধিকার রয়েছে এবং প্রয়োজনে এসব বিষয় সংসদেও আলোচনায় আসতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের পক্ষ থেকে সব ধরনের চুক্তির প্রভাব মূল্যায়ন করা হবে এবং জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি থাকলে তা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে, যা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।