যমুনার দুর্গম চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
যমুনার দুর্গম চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের যমুনা নদীর দুর্গম চর এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বেলগাছা গ্রামে।

সোমবার (১১ মে) রাত ১০টার দিকে যমুনা নদীর জেগে ওঠা চর এলাকার কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চর বেলগাছা এলাকায় জমিতে কাজ করার সময় তারা কাশবনের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দ্রুত ইসলামপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মরদেহের সঠিক পরিচয় ও মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।