
মাদারীপুর শহরের পুরান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজারের পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, চ্যানেল এসের মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা।
বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে বর্জ্য ব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, “কাঁচাবাজারের পরিবেশ উন্নত না হলে শহরের সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই বাজার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।”
এ সময় বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :