
পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। একইসঙ্গে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না বলে তিনি স্পষ্ট করেন। তার ভাষায়, এটি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীরও সুস্পষ্ট সিদ্ধান্ত, এবং আর্থিক খাতকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে।
তিনি আরও বলেন, পুঁজিবাজার ও সামগ্রিক বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিনি স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। তার মতে, উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ তৈরি হলে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক মডেল বিকাশ লাভ করবে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সরকারের এই অবস্থান পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই আর্থিক খাত গঠনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :