
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত রোববার (১০ মে) জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে দাবি করা হয়েছে। আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওইদিন দুপুরের দিকে এলাকায় একাধিক সামরিক বিমান চক্কর দিতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো আবার ফিরে এসে জনবহুল বাজারে অতর্কিত বোমা হামলা চালায়। এতে মুহূর্তেই ব্যাপক প্রাণহানি ঘটে এবং পুরো এলাকা রক্তাক্ত হয়ে পড়ে।
এ ঘটনার বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটি এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার কোনো জনাকীর্ণ বাজারে দ্বিতীয় বড় প্রাণঘাতী বিমান হামলার ঘটনা। এর আগে গত এপ্রিলে উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সাপ্তাহিক বাজারে একই ধরনের হামলায় প্রায় ২০০ জন নিহত হন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বর্তমানে সেনাবাহিনী একদিকে সশস্ত্র দস্যু বাহিনী এবং অন্যদিকে দীর্ঘদিনের ইসলামি বিদ্রোহ দমনে লড়াই করছে। তবে সাম্প্রতিক সময়ে বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দোষীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :