নন্দীগ্রামে ছাত্রদল নেতা পলিনসহ ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
নন্দীগ্রামে ছাত্রদল নেতা পলিনসহ ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ৬ জন ছাত্রদল নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে পূর্বে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য শাকিল আহম্মেদ, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফিফ হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম।

দলীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতাকর্মীদের আবেদনের পর বিষয়টি নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে তাদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। দলীয় নেতারা জানান, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। একই সঙ্গে সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর রাকিবুল হাসান পলিন বলেন, “আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের নির্দেশনা মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো।”