দেবহাটায় র‍্যাবের অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানা


খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
দেবহাটায় র‍্যাবের অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

দেবহাটা উপজেলায় র‍্যাবের ভেজালবিরোধী পৃথক অভিযানে দুই আইসক্রিম ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি কারখানা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে একই এলাকায় অবস্থিত মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে উভয় কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।