
সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ১৪টি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার নির্বাচিত এসব প্রতিষ্ঠানে সততা স্টোর পরিচালনা ও নৈতিক শিক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও মো. মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।
জানা গেছে, জেলার সাতটি উপজেলার দুটি করে মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আয়কর ও ভ্যাটসহ মোট বিতরণকৃত অর্থের পরিমাণ ৩ লাখ ৫০ হাজার টাকা।
অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালীগঞ্জ উপজেলার ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উকসা উচ্চ বিদ্যালয়, দেবহাটা উপজেলার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসা।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি উপজেলার পুঁইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয় ও বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয় ও গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও মুরারিকাটি ইউনাইটেড হাই স্কুল এই সহায়তা পেয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাওলানা মো. আবুল খায়ের এবং একাডেমি সুপারভাইজার আনম নাজমুল উলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা বাড়াতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতেই দুদকের এ উদ্যোগ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে সাতক্ষীরা জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর চালু ছিল। নতুন ১৪টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় বর্তমানে জেলায় মোট ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :