
দিনাজপুর শহরে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মুসা (২৭) এবং তার কথিত স্ত্রী মোছা. আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে শহরের কালিতলা সরদারপাড়া এলাকার সারদ্বেশরী স্কুলসংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১২ মে) বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার বাসিন্দা নিতাই চন্দ্র রায়ের ছেলে ধনঞ্জয় চন্দ্র রায়কে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পরিকল্পনা করা হয়। গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেরশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়। পরে তাদের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় অভিযুক্তদের সহযোগীরা পুলিশের কাজে বাধা ও হামলার চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে মুসার ভাই শাজাহানসহ কয়েকজনকে আটক করা হলেও মুসা পালিয়ে যান।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মূল আসামি মুসাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আয়শা সিদ্দিকাকেও আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাসুয়া, ছোরা, কয়েকটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :