জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার (১১ মে) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সফরকালে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ় এবং এটি দেশের সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও কার্যকর অংশগ্রহণ বিশ্বপরিসরে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অংশগ্রহণকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতা, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের অবদান আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রতিনিধিদলকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন। তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু ন্যায়বিচার এবং বৈশ্বিক মানবিক ইস্যুতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্ষেত্রে দেশের অর্জন ও ঐতিহ্যকে আরও সুসংহত ও সম্প্রসারণে স্থায়ী মিশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব নানা ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একতরফা পদক্ষেপের পরিবর্তে সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং ঐকমত্যভিত্তিক আন্তর্জাতিক উদ্যোগের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা জোরদারে বাংলাদেশ ভবিষ্যতেও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।