
গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজ করতে সোনালী ব্যাংক পিএলসি’র “Sonali Payment Gateway (SPG)” সেবার আওতায় চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
গত (১১ মে) সকালে গোপালগঞ্জের বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সোনালী ব্যাংকের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় শিক্ষার্থীরা এখন থেকে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি অনলাইনের মাধ্যমে সহজে পরিশোধ করতে পারবে। ফলে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে লেনদেন সম্পন্ন করার সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাও আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে নগদ অর্থ লেনদেনের ঝুঁকি কমার পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল সেবার বিস্তার আরও বাড়বে।
চুক্তিতে ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল কালাম আজাদ এবং বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষে অধ্যক্ষ মো. জাহিদুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন বনগ্রাম বাজার শাখার ম্যানেজার মো. নাহিদ হাসান বুলবুল, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার তন্ময় সাহা, বনগ্রাম বাজার শাখার অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ও সোনালী ব্যাংক বাটিকামারি এজেন্ট আউটলেটের প্রতিনিধি প্রশান্ত কুমার রায়সহ অন্যরা।
পরে একই দিন দুপুরে বনগ্রাম সোনালী ব্যাংক শাখায় আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পৃথকভাবে “Sonali Payment Gateway (SPG)” সেবার আওতায় চুক্তিপত্র স্বাক্ষর হয়।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো— লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসা, গোহালা তারিনী চরণ অমৃতলাল (টি.সি.এল) উচ্চ বিদ্যালয়, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়, কালিনগর উচ্চ বিদ্যালয় এবং আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন এবং তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে শিক্ষা খাতে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
আপনার মতামত লিখুন :