কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২


পটুয়াখালী জেলা ক্রাইম রিপোর্টার, আবু জাফর হোসাইন  প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোটেল শরীফ এলাকার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. সাইফুল (২৭) ও মো. সিজান আকন (২৩) নামে দুইজনকে আটক করা হয়। আটক সাইফুলের বাবার নাম জাহাঙ্গীর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলায় মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।