
রাজধানীর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় একটি কাগজের কারখানা থেকে সুমন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার মালিক মো. আল-আমিন জানান, সারারাত কাজ শেষে সকালে তিনি সুমনকে কারখানায় রেখে বাসায় চলে যান। পরে ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। তবে সুমনের মাদক সেবনের অভ্যাস ছিল বলে তিনি শুনেছেন বলে জানান।
নিহত সুমনের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়। তিনি পরিবারসহ কারখানার কাছেই থাকতেন। তার বাবা একজন রিকশাচালক বলে জানা গেছে।
এ বিষয়ে বাড্ডা থানার পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন :