
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে যাত্রীদের নিরাপদ ও স্বচ্ছ টিকিট ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক বিক্রির ওপর জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ এ ধরনের অননুমোদিত মাধ্যম ব্যবহার করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি ও কালোবাজারির অভিযোগ ওঠে। এই পরিস্থিতি মোকাবিলা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এবারও শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থা চালু রেখেছে রেলওয়ে। কর্তৃপক্ষ আশা করছে, অনলাইন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা সহজে, নিরাপদে এবং দ্রুত টিকিট সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে দালালচক্র ও অবৈধ টিকিট বিক্রির সুযোগও অনেকাংশে কমে আসবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট সংগ্রহ করার জন্য নিয়মিতভাবে প্রচার চালানো হচ্ছে। এদিকে যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অননুমোদিত বিক্রয় চ্যানেলে লেনদেন না করে শুধুমাত্র সরকারি নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে।
আপনার মতামত লিখুন :