ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে আগাম পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো। মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে সুপারকোর এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হতে পারে ১৭ মে রাত ১টার দিকে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট।

এছাড়া জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তানের উপকূলীয় এলাকায় সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকতে পারে, যা চাঁদ দেখার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে।

সুপারকোর পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকলে ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এ হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে ১ জিলহজ মাস শুরু হতে পারে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানে।

তবে সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, এটি শুধুমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে দেশটির কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি। দেশজুড়ে চাঁদ দেখা সংক্রান্ত সাক্ষ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতেই তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারণ হয়, এবং তার পরদিন বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। ফলে পাকিস্তানের এই সম্ভাব্য তারিখকে ঘিরে দক্ষিণ এশিয়াতেও ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করছে ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ, যা নিয়ে অপেক্ষায় রয়েছে মুসলিম বিশ্ব।